Published : 09 Jun 2026, 09:24 PM
নোয়াখালীতে মাদক, কিশোর গ্যাং, গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার বিকালে জেলা জজ আদালত সড়কে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা জজ আদালতের পিপি শাহাদাত হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরন, সদর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, “কিশোর গ্যাং সংস্কৃতি দেশের বিভিন্ন অঞ্চলের মত নোয়াখালীতেও উদ্বেগজনকহারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, পারিবারিক অবহেলা এবং নৈতিক শিক্ষার অভাবের কারণে নিষিদ্ধ সংগঠন আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের ব্যানারের আড়ালে কিশোর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।”
জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশিশ আজাদ বলেন, “স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাংবিধানিক মূল্যবোধের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র দেশের জনগণ কখনো মেনে নেবে না। যারা রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।”
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।