Published : 23 Mar 2026, 10:45 PM
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের ফেরানোর কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, “মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় ইরানসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের দেশে ফেরানো হচ্ছে। পরবর্তীতে আরও প্রবাসী পর্যায়ক্রমে ফিরবেন।”
সোমবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় তালমা নাজিম উদ্দিন স্কুলে এক মিলনমেলায় একথা বলেন তিনি।
বিদেশে মিশনগুলো প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, “তারা (প্রবাসী) যেন নিরাপদে থাকতে পারেন, সেটি দেখার চেষ্টা করছি।
“আশা করি এ যুদ্ধাবস্থা দ্রুত শেষ হবে। বাংলাদেশ চায় সমস্যার সমাধান কূটনীতি ও আলোচনার মাধ্যমে হোক।”
যুদ্ধের মধ্যে ইরান থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৮০ প্রবাসী। প্রতিমন্ত্রী বলেন, “পর্যায়ক্রমে আরও প্রবাসী আনা হবে। যারা ফেরত আসতে চান, তাদের আমরা ফিরিয়ে আনার প্রস্তুতি রেখেছি।”
ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের আইন অনুযায়ী ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথাও বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পরে বিকালে বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরকান্দা বিএনপি আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন শামা ওবায়েদ।
বাবার স্মরণ সভায় তিনি বলেন, ওবায়দুর রহমান ছিলেন একজন শক্তিশালী সাংগঠনিক ব্যক্তিত্ব; যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তার আদর্শ ধারণ করতে হলে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং কোনোভাবেই অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না।
তার নাম ব্যবহার করে অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে যারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ বিষয়ে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।