২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে জমির বিরোধে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ

শহরের শেখপাড়ায় এ ঘটনা ঘটে বলে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ূন কবির জানান।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 12:01 AM

Updated : 26 Aug 2026, 03:33 PM

মেহেরপুর শহরে জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের ৪ নম্বর ওয়ার্ডের শেখপাড়ায় এ ঘটনা ঘটে বলে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ূন কবির জানান।

নিহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে গোলাম (৪৫) বলে জানা গেছে। তিনি ওই এলাকার মো. রেহেসানের ছেলে।

এ ঘটনার পর থেকে নিহতের মামাত ভাই কালু পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দা জহুরুল বাদশা বলেন, দীর্ঘ দিন ধরে গোলাম ও কালুর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে সন্ধ্যায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

তিনি বলেন, তখন কালু ধারালো দা দিয়ে গোলামের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ূন কবির বলেন, কালুকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।