২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বর্তমানে এ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭৪ শিশু চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ শিশু।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 01:21 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ভর্তি হয়েছে আরও ৩২ শিশু।

সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান জানিয়েছেন।

তিনি বলেন, শিশুটি গত ১১ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। সাত মাস বয়সী ছেলে শিশুটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা।

ডা. মাঈন উদ্দিন বলেন, “সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩২ শিশু। এছাড়া বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৭৪ শিশু চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ শিশু।

“এছাড়া গত ১৭ মার্চ থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৪৫৭ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৭০ জন এবং মৃত্যু হয়েছে ১৩ শিশুর।”

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে।

রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।