১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ ও গাড়ি চাপায় নিহত ৩

পুলিশ বলছে, নিহতদের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 04:29 PM

Updated : 16 Sep 2026, 01:02 PM

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণ গেছে। 

একটি দুর্ঘটনায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন এবং অপর দুর্ঘটনায় গাড়ির চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার এসআই রেজাউল করিম জানান। 

নিহতরা হলেন- নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার হারার কান্দি গ্রামের সুরুজ আলীর ছেলে ইকবাল হোসেন (৩৬), একই উপজেলার ভুইয়াপাড়া গ্রামের মঞ্জিল ভুইয়ার স্ত্রী হোসনে আরা (৬০) ও বীররামপুর গ্রামের আলামিনের স্ত্রী মারিয়া খাতুন (২৫)।

আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

এসআই রেজাউল করিম বলেন, “অটোরিকশাটি ত্রিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক নান্দাইলের দিকে যাচ্ছিল। ঠাকুরবাড়ির মোড়ে বাহন দুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন।” 

তিনি বলেন, “তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পিবিআইকে খবর দেওয়া হয়েছে। পিবিআইয়ের ফিঙ্গারপ্রিন্ট টিম ঘটনাস্থলে আসছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।”

এদিকে পথচারী মারিয়া বেগম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় একটি গাড়ির চাপায় মারা যান। পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে এসআই রেজাউল জানিয়েছেন। 

ত্রিশাল থানার এসআই পলাশ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।