বাড়ির আঙ্গিনায় খেলছিল দুই বোন, পরে পুকুরে মিলল লাশ
দেউলডাংরা গ্রামে এ ঘটনা ঘটে বলে নান্দাইল থানার ওসি আজহারুল ইসলাম জানান।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এ ঘটনা ঘটে বলে নান্দাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান।
নিহত শিশুরা হল- ওই গ্রামের সুমন মিয়ার মেয়ে সাঈফা আক্তার (৩) এবং তুহিন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার (৩)। তারা চাচাতো বোন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, দুপুরের পর বাড়ির আঙিনায় পুকুর পাড়ে দুই শিশু একসঙ্গে খেলাধুলা করছিল। পরে পরিবারের সদস্যরা তাদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর স্বজনরা বাড়ির পাশের পুকুরে নেমে তাদের সন্ধান করেন।
অল্প সময়ের ব্যবধানে পুকুর থেকে সাঈফা ও সুরাইয়াকে অবচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আজহারুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
