গোপালগঞ্জ-২: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কে এম বাবর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র হাতে পেয়েছেন প্রার্থী।
সব শঙ্কাকে পেছনে ফেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চিকিৎসক কে এম বাবর।
বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র হাতে পাওয়ার বিষয়টি প্রার্থী নিজেই নিশ্চিত করেছেন।
এর আগে ৩ নভেম্বর বিকালে ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। যেখানে গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবরের নাম ছিল।
তবে এ আসন থেকে আরও কয়েকজন বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। এর মধ্যে ২৭ নভেম্বর প্রার্থী বদলের দাবিতে মনোনয়ন বঞ্চিত পাঁচজন গোপালগঞ্জ শহরে বিক্ষোভ করেন। এ ঘটনার পর এ আসনে মতুয়া সম্প্রদায় থেকে কেউ মনোনয়ন পাচ্ছেন বলে খবর ছড়ায়।
শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে এ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় ডা. কে এম বাবরকে। এর মধ্য দিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটল।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কে এম বাবর বলেন, “দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
“গোপালগঞ্জ-২ আসনের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করে দেশনেত্রীকে এ আসনটি উপহার দেব ইনশাআল্লাহ।”
বাবরের চূড়ান্ত মনোনয়নের এলাকায় খবর ছড়িয়ে পড়লে গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী (আংশিক) এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
