০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

পাহাড় ধস: ছয় ঘণ্টা পর বাঘাইছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক

ইউএনও শিরিন আকতার বলেন, সড়ক বিভাগের পাশাপাশি স্থানীয়রাও মাটি সরানোর কাজ করেন। পরে দুপুর ১টা থেকে যানবাহন চলাচল করছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 04:28 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

ভারি বর্ষণে পাহাড় ধসে বাঘাইছড়ি-দীঘিনালা সড়ক বন্ধ হয়ে যাওয়ার ছয় ঘণ্টা পর রাঙ্গামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

সড়ক থেকে মাটি সরানো পর রোববার বেলা ১টা থেকে যানবাহন চলাচল শুরু করেছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার।

এর আগে রোববার সকালে অন্তত তিনটি স্থানে পাহাড় ধস হলে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

স্থানীয়দের বরাতে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, "ভারী বর্ষণে সড়কের বেশ কিছু জায়গায় পাহাড়ে মাটি ধসে পড়েছে। চলতি মৌসুমে কয়েকবার এমন ঘটনা ঘটেছে।” 

স্থানীয়দের বরাতে তিনি বলেন, “গত রাত থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।”

খবর পেয়ে সড়ক ও জনপদ বিভাগের জনবল সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করেন। 

ইউএনও শিরিন আকতার বলেন, সড়ক বিভাগের পাশাপাশি স্থানীয়রাও মাটি সরানোর কাজ করেন। পরে দুপুর ১টা থেকে যানবাহন চলাচল করছে।