২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬

পুলিশ বলছে, মিছিলের ভিডিও দেখে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নেত্রকোণায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬
মিছিলের ভিডিও থেকে নেওয়া ছবি।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2024, 05:53 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

নেত্রকোণার পূর্বধলায় হেলমেট ও মাস্ক পরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে।

শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় মিছিলটি হয়। পরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ নামের একটি ফেইসবুক আইডি থেকে মিছিলটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিও আপলোড করা হয়।

মিছিলের এই ভিডিও ছড়িয়ে পড়লে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করে বলে রোববার দুপুরে পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ জানান।

আটকরা হলেন, উপজেলার ডুবারুহি গ্রামের লিটন খন্দকারের ছেলে সাগর খন্দকার (২৫), বালুচরা গ্রামের আবুল কাশেম তালুকদারের ছেলে আতিক হাসান (৩২) ওরফে আল-আমিন; ছোট ইলাছপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইয়াহিয়া তালুকদার (২১)। 

একই গ্রামের মৃত বাবুল চৌধুরীর ছেলে আরমান চৌধুরী (১৯), মো. তাজউদ্দীনের ছেলে মোস্তাকিন (১৯), পূর্বধলা নয়াপাড়া গ্রামের উজ্জ্বল দত্তের ছেলে দীপ্ত দত্ত (২০)।  

আওয়ামী লীগ সরকার পতনের পর জেলায় এই প্রথম কোনো মিছিল করেছে ছাত্রলীগ।

স্থানীয়দের বরাত দিয়ে রোববার দুপুরে পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, শনিবার সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের মুক্তির দাবিতে মিছিল দেন।

উপজেলা ছাত্রলীগের এই মিছিলে আহমদ হোসেনের ভাতিজা শাহাদত হোসেন নেতৃত্ব দিয়ে বিভিন্ন স্লোগান দেন। তার পেছনে প্রায় ১৫-২০ জনের মত নেতাকর্মীও স্লোগান দেন।

ছাত্রলীগের ঝটিকা মিছিলের বিষয়ে ওসি রিয়াদ মাহমুদ আরও বলেন, “একদম ভোরে, সবাই যখন ঘুমে তখন ময়মনসিংহ থেকে এসে দুই-তিন মিনিট মিছিল করে পালিয়ে যায় ছাত্রলীগ। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। বিকালের দিকে তাদের আদালতে সোপর্দ করা হবে।” 

মিছিলে অংশ নেওয়া বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।