২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ‘চরমপন্থিকে’ গুলি করে, কুপিয়ে হত্যা

“বাবুল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) নামে চরমপন্থি দলের নেতা ছিলেন।

পাবনায় ‘চরমপন্থিকে’ গুলি করে, কুপিয়ে হত্যা
পাবনা সদর থানায় লাশঘরের সামনে নিহতের স্বজনরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2025, 03:23 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

পাবনা সদর উপজেলায় এক ‘চরমপন্থিকে’ কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।   

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, সোমবার রাত ১টার দিকে উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল শেখ (৪০) ওরফে ‘লগা বাবু’ উপজেলার বিজয় রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিজয় রামপুর গ্রামের ছোট্ট বাজারের চায়ের দোকান থেকে রাতে বের হন বাবুল। অদূরে কোলাদি গ্রামের আমবাগানের পাশে পৌঁছামাত্র কয়েকজন তার ওপর হামলা চালায়। 

বাবুলকে চাপাতি দিয়ে মুখে কুপিয়ে এবং পিঠে গুলি করে ফেলে রেখে যায়। খবর পেয়ে লোকজন তাকে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কে বা কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয় বলে জানান ওসি আব্দুস সালাম।

“বাবুল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) নামে চরমপন্থি দলের নেতা ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে।” 

বাবুলের বিরুদ্ধে সদর থানায় দুটি এবং আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।