Published : 24 Apr 2026, 12:40 PM
ব্রাহ্মণবাড়িয়ায় এক সালিস বৈঠক চলাকালে দেয়াল ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে সাবেক পৌর কাউন্সিলরসহ আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পাইকপাড়ায় হুমায়ূন কবির পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সালিস বৈঠকে উপস্থিত জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি জহিরুল হক।
আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ হাসান (৪৫), তূর্য দাস (১৩) ও আঁখি (১৯)।
স্থানীয়রা বলছে, গত বছরের শেষ দিকে পাইকপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে লোহার ফ্রেম পড়ে সুব্রত দাস নামে এক ব্যক্তি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে স্থানীয় ব্যক্তিবর্গ ও নিহতদের স্বজনদের নিয়ে জেলা শহরের পাইকপাড়া এলাকায় হুমায়ূন কবির পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিস বৈঠক বসেন।
গত বছরের শেষ দিকে পাইকপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে লোহার ফ্রেম পড়ে সুব্রত দাস নামে এক ব্যক্তি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে একই এলাকার হুমায়ূন কবির পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় লোকজন ও নিহতের স্বজনদের নিয়ে একটি সালিস বৈঠক বসে।
সালিস শুরুর কিছুক্ষণ পরই স্কুলের ছাদের উপরের অংশে থাকা দশ ইঞ্চির একটি দেয়াল ধসে পড়ে। এতে তিনজন আহত হন।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি জহিরুল হক বলেন, “দেয়ালটি উত্তর-পূর্ব দিকে ধসে পড়ে। এতে ওই কোণে বসে থাকা তিনজন দেয়ালের নিচে চাপা পড়েন।
“পরে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে সাবেক কাউন্সিলর হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ হবে।