Published : 05 Jul 2025, 05:46 PM
বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি মেটাল কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা কারখানার নিরাপত্তা প্রহরীদের বেঁধে রেখে প্রায় কোটি টাকা মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি কর্তৃপক্ষের।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত বাগেরহাট-খুলনা মহাসড়ের পাশে উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে’ এই ঘটনা ঘটে বলে জানান ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর।
খবর পেয়ে পুলিশ শনিবার সকাল থেকে কয়েক দফা ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।
কারাখানার নিরাপত্তা প্রহরীরা জানান, হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে সম্প্রতি কারখানাটি চালু করা হয়। শুক্রবার সন্ধ্যার দিকে মুখোশ পরা ১৫ থেকে ২০ জনের একটি দল নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে কারাখানায় প্রবেশ করে।
এ সময় তারা কারখানার ভেতরে থাকা সাতজন নিরাপত্তা প্রহরী ও চারজন শ্রমিককে অস্ত্রের মূখে জিম্মি করে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে কারখানা থেকে ১৫ টন অ্যালমুনিয়ামের বার, আড়াই টন তামার তার এবং এক টন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে বোঝাই করে খুলনার দিকে চলে যায়।
হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান বলেন, “ডাকাতরা কারখানার শ্রমিকদের আটকে রেখে অ্যালমুনিয়ামের বার, আড়াই টন তামার তার এবং এক টন বৈদ্যুতিক তার লুট করে ট্রাকে ভরে নিয়ে গেছে; যার বাজারমূল্য কোটি টাকার বেশি।”
ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, ভোর ৫টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।