২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে শিশুকে ধর্ষণের পর হত্যা: যুবকের ১০ বছরের আটকাদেশ

মামলায় বলা হয়েছে, ২০১৭ সালের ২০ ডিসেম্বর শিশু খাদিজাকে ধর্ষণের পর হত্যা করা হয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 05:41 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

নাটোরের গুরুদাসপুর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে শিশু আদালত।

সোমবার দুপুরে নাটোর শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রুহুল আমীন তালুকদার টগর।

দণ্ডিত ব্যক্তি উপজেলার বালসা এলাকার বাসিন্দা। ঘটনার সময় আসামির বয়স ছিল ১৬ বছর।

নিহত খাদিজা খাতুন (৭) গুরুদাসপুরের বালসা এলাকার মনিরুল ইসলাম মধুর মেয়ে। সে স্থানীয় একটি মক্তবে প্রথম শ্রেণিতে পড়ত।

রুহুল আমীন তালুকদার টগর বলেন, ২০১৭ সালের ২০ ডিসেম্বর দুপুরে খাদিজা একটি বাড়িতে টিভি দেখতে যায়। তখন তাকে মুখ বেঁধে ধর্ষণ করা হয়। পরে তাকে গলাটিপে হত্যা করে আসামি।

বিকালে আসামির মা ও বাবা বাড়ি ফিরলে ঘটনাটি জেনে শিশুটির মরদেহ লোহার টাঙ্কে ভরে রেখে দেয়। পরে শিশুটির মরদেহ বস্তাবন্দি করে বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। দীর্ঘ সময় খাদিজাকে খুঁজে না পেয়ে তার বাবা গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ২২ ডিসেম্বর বাড়ির পাশের পুকুর থেকে খাদিজার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

২০১৮ সালের ২ অক্টোবর আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার এসআই নূরে আলম সিদ্দিকী ৯ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।

আইনজীবী বলেন, সাত বছর পর মামলার রায় হয়েছে। ঘটনার সময় আসামির ১৬ বছর হওয়ায় কিশোর হিসেবে তার শিশু আদালতে বিচার হয়েছে।