ভারত থেকে অবৈধভাবে ফেরার সময় ফেনীতে দুজন গ্রেপ্তার
অবৈধভাবে গিয়ে তারা মুম্বাইয়ে রাজমিস্ত্রি ও গ্রিলের কাজ করে।
ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার পথে ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ বাউর পাথর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বিজিবি ৪ ফেনী ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান।
আটকরা হলেন- নোয়াখালীর সেনবাগ থানার চন্দ্রের হাট ইউনিয়নের শ্রীপদী গ্রামের মো. আরমান হোসেন (১৯) এবং মো. আব্দুল হালিম (৩৩)।
বিজিবি জানায়, প্রায় ১৮ মাস আগে অবৈধভাবে তারা ভারতে যায়। মুম্বাইয়ে তারা রাজমিস্ত্রি ও গ্রিলের কাজ করে। মঙ্গলবার রাতে পরশুরাম সীমান্ত (সীমান্ত পিলার ২১৬২/৮-এস) দিয়ে তারা দেশে প্রবেশ করে। এ সময় তাদের আটক করা হয়। পরে তাদের পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পরশুরাম মডেল থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, দুজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ধারায় মামলা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
