ভোলায় জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে শ্রমিক নিখোঁজ
উপজেলা প্রশাসন জানিয়েছে, তাকে উদ্ধারে কাজ শুরু হয়েছে।
ভোলার চরফ্যাশন উপজেলায় বেড়িবাঁধের ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলতে গিয়ে মেঘনা নদীতে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার দুপুর পৌনে ২টায় উপজেলার বেতুয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান জানান।
নিখোঁজ মো. শাহিন (৩০) উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসু হাওলাদারের ছেলে।
উপজেলা প্রশাসন জানায়, কয়েকজন শ্রমিক বেতুয়া এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে শাহিন নদীতে পড়ে নিখোঁজ হন। তাকে উদ্ধারে কাজ চলছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল জানান, নিখোঁজ শ্রমিকের সন্ধানের জন্য কোস্ট গার্ডের ডুবরি দল ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে রওনা হয়েছে।
