২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় স্পিডবোটের তলা ফেটে ডুবে নারীর মৃত্যু

স্পিডবোট ডুবে যাওয়ার পর ১৮ যাত্রী আধা ঘণ্টা পদ্মায় ভাসছিলেন, স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 11:36 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে স্পিডবোটের তলা ফেটে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে গোপালপুর ঘাট থেকে মৈনট ঘাটের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে চরভদ্রাসন থানার ওসি রজিউল্লাহ খান জানিয়েছেন।

দুর্ঘটনায় দুর্গা রায় নামে এক নারী মারা গেছেন। তিনি উপজেলার জয়দেব সরকারের ডাঙ্গি গ্রামের বিমল চন্দ্র রায়ের স্ত্রী।

স্পিডবোট ডুবে যাওয়ার পর ১৮ যাত্রী প্রায় আধা ঘণ্টা পদ্মায় ভাসছিলেন। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন।

চরভদ্রাসন ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার গোলাম মুর্তজা বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেই।”

চরভদ্রাসনের ইউএনও মনিরা খাতুন বলেন, “ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। দুর্ঘটনায় কারো অবহেলা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”