১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় সেই তুফানের ভাই সোহাগ সরকার গ্রেপ্তার

সোহাগ সরকারের বিরুদ্ধে ৫ অগাস্টের পর দুটি হত্যা মামলা রয়েছে। আগের একটি হত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

বগুড়ায় সেই তুফানের ভাই সোহাগ সরকার গ্রেপ্তার
সোহাগ সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2026, 05:58 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

বগুড়ায় তিনটি হত্যাসহ ১২ মামলার আসামি সোহাগ সরকারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোহাগ আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ভাই।

মঙ্গলবার ভোরে শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। 

গ্রেপ্তার সোহাগ সরকার (৪৩) বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার বাসিন্দা ও মজিবর রহমানের ছেলে। তিনি বগুড়া শহরের আলোচিত যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকার এবং শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ভাই।

পুলিশের তথ্য অনুযায়ী, সোহাগ সরকারের বিরুদ্ধে ৫ অগাস্টের পর দুটি হত্যা মামলা রয়েছে। আগের আরেকটি হত্যা মামলা, বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে ২০২৪ সালের ২ ডিসেম্বর তিনি নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হন। 

স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত বিস্ফোরক ও অন্যান্য একাধিক মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে সোহাগ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার  জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।