১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে পুকুরে ভেসে উঠল অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ

এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশের ধারণা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 10:01 AM

Updated : 26 Aug 2026, 05:13 PM

গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় ছয় দিন আগে নিখোঁজ চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের বাড়ির পাশের নিজেদের পুকুর থেকে রোববার রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানিয়েছেন।

মৃত ২১ বছর বয়সী ইতি বেগম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

তিন বছর আগে মুকসুদপুর উপজেলার লতিফপুর গ্রামের লায়েক শেখের ছেলে রাসেল শেখের সঙ্গে তার বিয়ে হয়।

ঘটনার পর থেকেই রাসেলসহ তার বাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা বলছে, বিয়ের পর থেকেই ইতি ও রাসেলের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হত। গত ২৪ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ইতি।

তিন দিন পর ২৭ নভেম্বর তার স্বামী রাসেল শেখ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রোববার সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুরে ইতির বস্তাবন্দি মরদেহ ভেসে ওঠে।

ওসি মোস্তফা কামাল বলেন, “স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গৃহবধূর ইতির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। তার হাত, পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।”

তিনি বলেন, “ওই গৃহবধূ চার মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে আমরা জানতে পেরেছি। মরদেহ উদ্ধারের আগেই ওই তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাড়িঘরে তালা দিয়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ আজ সোমবার গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মরগে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।