পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, পারদ নেমেছে ১১ ডিগ্রিতে
ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এভাবে শীত শুরু হওয়া মানে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পঞ্চগড়ে দিন দিন শীতের প্রকোপ বেড়েছেই চলছে। টানা কয়েকদিন তাপমাত্রা ১৩ ডিগ্রিতে ওঠানামা করলেও আজ তা আরও কমে ১১ ডিগ্রিতে নেমেছে; যা মৌসুমের সর্বনিম্ন।
মঙ্গলবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বলে জানান তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়।
একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ; যা শীতের প্রভাবকে আরও ঘনীভূত করেছে বলে জানান তিনি।
সকাল ৭টা পর্যন্ত পুরো জেলা জুড়ে কুয়াশার ঘন চাদরে ঢাকা ছিল। কুয়াশার কারণে রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে দেখা গেছে। তবে দিনে রোদ থাকলেও ভোর ও সকালের ঠান্ডা বাতাস শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলছে।
বোদা উপজেলার পাথরাজ এলাকার ইজিবাইক চালক জসিম বলেন, “ভোরে রাস্তায় নামলে হাত-পা অবস হয়ে যায়। কুয়াশার কারণে কিছুই দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে খুব আস্তে চালাতে হয়। শীতের জন্য আগের মত যাত্রীও পাওয়া যাচ্ছে না, আয় কমে গেছে।”
পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট গ্রামের কৃষি শ্রমিক আব্দুল মজিদ বলেন, “এখন আমনের কাটা-মাড়াই চলছে। সকালে যে ঠান্ডা থাকে তাতে ঘর থেকে বের হওয়া খুবই কঠিন। কাজ না করলে তো সংসার চলবে না। তাই বের হইছি।”
আবহাওয়া কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে প্রতিদিন শীতের তীব্রতা বাড়ছে। কয়েকদিন ধরে তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ছিল।
ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এভাবে শীত শুরু হওয়া মানে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন এ আবহাওয়া কর্মকর্তা।
