২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবি ছাত্রীকে ‘ধর্ষণ’: দুই আসামি ৪ দিনের রিমান্ডে

এ সময় আদালত চত্বরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে আসামিদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

শাবিপ্রবি ছাত্রীকে ‘ধর্ষণ’: দুই আসামি ৪ দিনের রিমান্ডে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দুই আসামির রিমান্ড শুনানির সময় আদালত চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 03:45 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার বেলা ১১টায় সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম হারুন-অর-রশীদ রিমান্ডে শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা মো. তাজউদ্দিন।

তিনি বলেন, বৃহস্পতিবার মামলা দায়ের পর রাতেই গ্রেপ্তার দুই আসামিকে আদালতে তোলা হলে তারা কোনো স্বীকারোক্তি দেয়নি। তাই রোববার মামলার অধিকতর তদন্তের স্বার্থে আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

আদালত উভয়পক্ষের আইনজীবীর শুনানি শেষে আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান তাজউদ্দিন।

এর আগে সকালে আদালত চত্বরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে আসামিদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা আদালতের এজলাস কক্ষের বারান্দায় অবস্থান নেন। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

এর আগে আদালত চত্বরে গিয়ে বিক্ষোভ করার জন্য সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দুপুরের আগে সব ক্লাস-পরীক্ষা বাতিল করেন বলে জানান তারা। এরপর বিশ্ববিদ্যালয়ের পরিবহন করে তারা আদালত চত্বরে গিয়ে হাজির হন।

গত ২ মে নগরের একটি ছাত্রাবাসে সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ছাড়া গোপনে তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়; যা পরে ইন্টারনেট ও মোবাইলে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে বাদী মামলায় অভিযোগ করেছেন।

পরে ওই ছাত্রী ১৯ জুন রাতে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেন। পরে রাতেই আদনান ও পার্থকে গ্রেপ্তার করে পুলিশ।