মাদারীপুরে চারতলা ভবন থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
“কিভাবে তিনি রেলিং থেকে পড়ে গেলেন তা তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে”, যোগ করেন ওসি।
মাদারীপুরের রাজৈর উপজেলায় বাড়ির চারতলা ভবনের রেলিং থেকে পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের সাধুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান।
নিহত আলমগীর পাঠান (৪৫) বাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
তিনি টেকেরহাট বন্দরে রড, সিমেন্ট ও টিনের ব্যবসা করতেন।
পরিবারের বরাত দিয়ে ওসি আলমগীর বলেন, “আলমগীর রেলিং থেকে নীচে পড়ে গেলে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, “এ নিয়ে তদন্ত চলছে। কিভাবে তিনি রেলিং থেকে পড়ে গেলেন তা তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”
