২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ শিকার: বরিশাল ও চাঁদপুরে ২৪ জেলের কারাদণ্ড

অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে দুই কিশোরকে ছেড়ে দেওয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 07:44 PM

Updated : 12 Oct 2022, 07:44 PM

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরিশাল ও চাঁদপুরে ২৪ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে বরিশালে ১৬ জনকে এক বছর করে এবং চাঁদপুরের আট জনকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বরিশালের হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেলে থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে মেঘনা ও শাখা নদীতে মাছ শিকারের সময় হাতেনাতে ১৯ জেলেকে আটক করা হয়।

এর মধ্যে ১৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।

অভিযানে ২২ লাখ মিটার জাল, ১২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। মাছগুলি এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।

এ ছাড়া আটক তিনজনের বিরুদ্ধে হিজলা থানায় নৌ-পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা করেছে বলে জানান পরিদর্শক বিকাশ চন্দ্র দে।

দণ্ডিতরা হলেন- আব্দুর রহমান, আলমগীর সরদার, নিজাম হাওলাদার, শাহাবউদ্দিন হাওলাদার, জাকির হোসেন বেপারী, ইসমাইল সরদার, হুমায়ন কবির, নাসির দর্জি, নুরনবী বেপারী, দিদার হোসেন আকন, মহসিন সিকদার, সুজন হাওলাদার, নোমান রাঢ়ী, বিপ্লব মাঝি, আবু ছায়েদ মাল ও রিয়াজ বেপারী। 

বুধবার সকালে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।

চাঁদপুরের আট জনকে ১৪ দিনের কারাদণ্ড

এদিকে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় ১০ জেলেকে। এর মধ্যে আট জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

একই সাথে দুই জন অপ্রাপ্তবয়স্ক কিশোর জেলেকে মুচলেকা সাপেক্ষে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর নৌ-থানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ জাহাঙ্গীর, ইয়াকুব বেপারী, নুরুল ইসলাম, গোলাম মোস্তফা, মো. রুবেল, মাহাবুব বেপারী, সজল চন্দ্র দাস ও নজরুল ইসলাম। মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় দুই কিশোর জেলে মোহাম্মদ শাহেদ ও রাজীব হোসেন।

মঙ্গলবার রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মা ইলিশ নিধনরোধে অভয়াশ্রম এলাকায় চাঁদপুর মৎস্য অফিস, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১০ জেলেকে ইলিশ আহরণরত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ সময় মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে জব্দ করা হয় প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং বিভিন্ন আকৃতির ৬৭টি ইলিশ মাছ। যার ওজন ১৩.৪১ কেজি।

জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়, ইলিশ গরিবদের মাঝে বিতরণ করা হয় এবং ইঞ্জিনচালিত নৌকাটি নৌ-পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তোর হওয়া ১০ জেলের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আট জেলেকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং দুই জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা সাপেক্ষে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ফরিদা ইলিয়াস, চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্ট গার্ড কর্মকর্তা, নৌ-পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।