মাদারীপুরে মাছের ঘেরে ‘বিষ প্রয়োগ’, থানায় অভিযোগ
দুটি ঘেরের মাছ মরে যাওয়ায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেন মাছচাষি কামাল।
মাদারীপুরে দুটি ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার গভীর রাতে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের রুপরাইর গ্রামের মাছচাষি কামাল মাতুব্বরের ঘেরে এ ঘটনার লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান মাদারীপুর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।
অভিযোগপত্রে বলা হয়, রোববার সকালে কামাল মাতুব্বর দেখেন, পাশাপাশি দুটি ঘেরে চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। পরে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গত ঈদের সময়ও একই ঘটনা ঘটেছিল দাবি করে কামাল মাতুব্বর বলেন, “কে বা কারা আমার দুটি ঘেরে বিষ দিয়েছে আমি দেখি নাই। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছি। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করি।”
দুটি ঘেরের মাছ মরে যাওয়ায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে কামাল আরও বলেন, “যারা বারবার বিষ প্রয়োগ করে আমার আর্থিক ক্ষতি করছে, আমি তাদের বিচার চাই।”
মাদারীপুর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
