মানিকগঞ্জে ইছামতী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান জানান, জিতু বিদেশে থাকা অবস্থায় দুর্ঘটনায় আহত হয়ে দেশে আসেন।
মানিকগঞ্জের হরিরামপুরে নিখোঁজের একদিন পর ইছামতী নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের ইছামতী নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে হরিরামপুর থানা পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান জানান।
নিহত জিতু চৌধুরী (৫৫) ওই গ্রামের মৃত মজিবুর রহমান চৌধুরীর বড় ছেলে। তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের বাবা।
স্থানীয় বাসিন্দা মীর কাওছার আলী ও বয়ড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য লাভলু মিয়া জানান, বিকালে স্থানীয়রা ইছামতী নদীতে জিতু চৌধুরীর মরদেহ ভাসতে দেখেন।
প্রতিবেশীদের বরাত দিয়ে বয়ড়া ইউপির চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ বলেন, শুক্রবার জুমার নামাজের আগ থেকে জিতু চৌধুরী নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান তিনি।
ইউপি চেয়ারম্যান আরও জানান, জিতু চৌধুরী বিদেশে থাকার সময় দুর্ঘটনায় আহত হয়ে দেশে আসেন। এরপর থেকে তিনি কিছুটা মানসিক অসুস্থ ছিলেন। তার ভাইয়েরা ঢাকায় থাকেন। তিনি একাই বাড়ি থাকতেন।
তিনি অসুস্থ থাকায় তার স্ত্রী-সন্তান শ্বশুরবাড়িতে থাকেন।
