রংপুরে আওয়ামী লীগ নেতা নিহতের ২ মাস পর মামলা
ঘটনার দুই মাস পর রংপুর মহানগরের কোতোয়ালি থানায় হত্যা মামলাটি করেন নিহতের স্ত্রী।
রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে নিহত আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর হারাধন রায় হারা নিহতের ঘটনায় দুই মাস পর হত্যা মামলা হয়েছে।
নিহতের স্ত্রী কণিকা রাণী বাদী হয়ে রংপুর মহানগরের কোতোয়ালি থানায় মামলাটি করেন বলে ওসি আতাউর রহমান বলেন।
তিনি বলেন, গত ২ অক্টোবর নিহতের স্ত্রী কণিকা রাণী বাদী হয়ে রংপুর মহানগরের কোতোয়ালি থানায় হত্যা মামলাটি করেছেন।
তবে মামলার বিষয়টি শনিবার জানাজানি হয়।
নিহত হারাধন রায় হারা রংপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এ ছাড়া তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের পরশুরাম থানা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
গত ৪ অগাস্ট রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এতে কাউন্সিলর হারাধন রায় হারা ও তার ভাগনে সবুজ নিহত হন।
বাদী মামলার এজাহারে বলেন, গত ৪ অগাস্ট সকালে বাড়ি থেকে স্বামী হারাধন ও তার ভাগনে সবুজ মহানগর আওয়ামী লীগের অফিসের উদ্দেশে বের হন। ওইদিন সন্ধ্যা ৬টায় মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন, তার স্বামী ও সঙ্গে থাকা ভাগনেকে দুষ্কৃতকারীরা হত্যা করেছে। তাদের মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
এরপর কণিকা রাণী তার স্বজন ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়ে তাদের মৃতদেহ শনাক্ত করেন।
সেখানে থাকা লোকজনের মাধ্যমে জানতে পারেন, ৪ অগাস্ট দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর বেতপট্টি মোড় থেকে বের হওয়া আওয়ামী লীগের মিছিলে হারাধন রায় ও তার সঙ্গী সবুজ যোগ দেন। সে সময় বিক্ষুব্ধ জনতা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটলে বিক্ষুব্ধ জনতা তার স্বামী হারাধন রায় ও ভাগনে সবুজকে লাঠিসোঁটা, লোহার রড, চাকুসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে ডিসের লাইনের তার দিয়ে পেঁচিয়ে রংপুর সিটি করপোরেশনের সামনে ওভারব্রিজের কাছের সড়কের উপর ফেলে রাখা হয়।
পরে সেখান থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রীর অভিযোগ আমলে নিয়ে মামলা নেওয়ার প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
