২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বিদেশি বন্দুকসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

ওসি মো. আসাদউজ্জামান বলেন, সবুজ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2025, 03:51 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

ফরিদপুরে বিদেশি দোনালা বন্দুকসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।  

শুক্রবার রাত ৭টা থেকে ১১টা পর্যন্ত ফরিদপুর শহরের আলীপুর মহল্লার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান। 

মাহফুজুর রহমান সবুজ (৩৯) দক্ষিণ আলিপুর মহল্লার মোতালেব মিয়ার ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে ও স্থানীয় পুলিশের সহায়তায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

ওসি মো. আসাদউজ্জামান বলেন, অভিযানে সবুজের আলিপুরের বাসা থেকে আমেরিকার তৈরি একটি ডাবল ব্যারেল গান উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন। 

এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও  জানান ওসি। 

ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান বলেন, মাহফুজুর রহমান মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তবে স্বেচ্ছাসেবক দলের কমিটি কেন্দ্র থাকে পরিচালিত হয়। এ ব্যাপারে কোনো সাংগঠনিক ভূমিকার রাখার ব্যাপার থাকলে তা কেন্দ্র গ্রহণ করবে।