২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুচরা সার বিক্রেতাদের সনদ বহালের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

“কার্ড বাতিল করলে ঋণের কারণে আমাদের ব্যবসা বিলুপ্ত হয়ে যাবে। কৃষিখাতেও ধ্বস নামবে।”

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 01:17 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

সারাদেশের ৪৪ হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ব্যানারে এ আয়োজন করা হয়। 

সংগঠনের সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, “১৩ নভেম্বর কোনো নোটিশ না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল করেছে। সারা দেশে আমাদের ৪৪ হাজার রিটেইলার আছে। আমরা সারাদেশে ৫ কোটি কৃষককে সেবা দিয়ে আসছি। 

“তাই খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখতে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি।”

রায়পুর উপজেলা সভাপতি মো. হানিফ বলেন, “করোনাকালীন সময় সরাসরি আমরা কৃষকদেরকে সার হস্তান্তর করেছি। আমাদের মতো সার বিক্রেতারা ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করে আসছে। কার্ড বাতিল করলে ঋণের কারণে আমাদের ব্যবসা বিলুপ্ত হয়ে যাবে। কৃষিখাতেও ধ্বস নামবে।”

অ্যাসোসিয়েশনের সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, “আমরা প্রায় ৩০ বছর ধরে ব্যবসা করে পাঁচ কোটি কৃষককে সেবা দিয়ে আসছি। আমরা না থাকলে কৃষক মারাত্মকভাবে ক্ষতির সম্মুখিন হবে। কৃষকসহ ছয় কোটি পরিবার পরিজন নিয়ে আমাদের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সার বিক্রেতা আবুল কাশেমসহ সংগঠনের সদর, রায়পুর ও কমলনগর উপজেলার নেতারা। 

একই দাবিতে পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন খুচরা সার বিক্রেতারা। 

সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম বলেন, “সরকারি নীতিমালা ও প্রজ্ঞাপন অনুযায়ী আমরা কাজ করছি। খুচরা সার বিক্রেতাদের কার্ড বাতিল নিয়ে আমাদের কোনো কিছু করার নেই।”