২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় নৌকাডুবি: ভেসে উঠল ভাইয়ের লাশ, বোন নিখোঁজ

পরিবারের সঙ্গে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় ছয়জন যাত্রী নিয়ে নদীতে নৌকা ডুবির ঘটনায় তারা নিখোঁজ হয় বলে জানায় নৌ পুলিশ।

মেঘনায় নৌকাডুবি: ভেসে উঠল ভাইয়ের লাশ, বোন নিখোঁজ
নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের ভঙ্গারচর গ্রামের মেঘনাবাজার খেয়াঘাট।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 04:21 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

নরসিংদী সদর উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মেঘনা নদীতে নৌকা ডুবির ঘটনায় শিশুর মৃতদেহ ভেসে উঠলেও এখনো নিখোঁজ রয়েছে তার কিশোরী বোন।

নিখোঁজের ১৪ ঘণ্টা পর শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মেঘনাবাজার খেয়াঘাট এলাকায় থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানান ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক অনিমেষ হালদার। 

নিহত মো. আব্দুল্লাহ (১২) মাধবদী পৌর এলাকার টাঁটাপাড়া এলাকার ভাড়াটিয়া এমতাজ উদ্দিনের ছেলে। নিখোঁজ রয়েছে আব্দুল্লার বোন জান্নাতুল ফেরদৌস (১৪)। তারা নওগাঁ জেলার বাসিন্দা। 

অনিমেষ হালদার বলেন, “বৃহস্পতিবার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য উপজেলার পাইকারচর ইউনিয়নের ভঙ্গারচর গ্রামের মেঘনাবাজার খেয়াঘাট থেকে মা-বাবা ও ভাই-বোনসহ একটি ছোট নৌকায় ৬ জন উঠেন।

“সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘাট থেকে কিছুদূর যেতেই ঢেউ ও বাতাসের তোড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌ-পুলিশ ও ঘাটে থাকা লোকজন মা-বাবাসহ চারজনকে উদ্ধার করলেও নিখোঁজ হয় জান্নাতুল ও তার ছোট ভাই আব্দুল্লাহ।”

নিখোঁজের ১৪ ঘণ্টা পর সকালে আব্দুল্লাহর মরদেহ ভেসে উঠলেও এখনো তার বোন নিখোঁজ রয়েছে বলে জানান তিনি। 

জান্নাতুলকে উদ্ধারে এলাকাবাসী ও স্বজনরা নদীতে তল্লাশি চালাচ্ছেন বলে জানান নৌ পুলিশের পরিদর্শক অনিমেষ হালদার।