২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে হাসপাতালের পানির ট্যাংক বিস্ফোরণে আহত ৭

চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ তিনজনের শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2024, 04:31 PM

Updated : 26 Aug 2026, 10:23 AM

নোয়াখালীতে একটি হাসপাতালের পানির ট্যাংক বিস্ফোরণে সাতজন আহত হয়েছেন।

জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডের ‘আদর হাসপাতাল’ ভবনে শনিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান।

আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।   

আদর হাসপাতালের ফার্মেসির স্বত্বাধিকারী মো. আবদুল কাদের বলেন, হাসপাতাল ভবনের নিচে বেজমেন্টে পানির ট্যাংক পরিষ্কার করতে নামেন দিনমজুর আশিক ও রাফেল। তখন তিনি ফার্মেসিতে ছিলেন না। এক পর্যায়ে বিকট শব্দে পানির ট্যাংক বিস্ফোরিত হলে পুরো ফার্মেসি বিধ্বস্ত হয়।

তিনি বলেন, “বিস্ফোরণের সময় ফার্মসিতে থাকা কর্মচারী দুলাল এবং দিনমজুর আশিক ও রাফেল গুরুতর দগ্ধ হন।”

নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জাারি বিভাগের চিকিৎসক কামরুল হাসান জানান, আহতদের মধ্যে দগ্ধ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাদের শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

তিনি বলেন, “একজন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তার পা ভেঙে গেছে। আর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, “বহুতল ভবনের বেজমেন্টে থাকা পানির ট্যাংকে বিস্ফোরণে হাসপাতালের ফার্মেসি লণ্ডভণ্ড হয়ে গেছে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।”