২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের জন্য চাপ দেওয়ায় মা-মেয়েকে হত্যা করে যুবক: পুলিশ

বৃহস্পতিবার মাটিচাপা দেওয়া অবস্থায় রাজবাড়ীর এক নারী ও তার সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

বিয়ের জন্য চাপ দেওয়ায় মা-মেয়েকে হত্যা করে যুবক: পুলিশ
,

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 09:47 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

ফরিদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ দাবি করেছে, ওই নারীর সঙ্গে যুবকের ‘সম্পর্ক’ ছিল। এর সূত্র ধরে বিয়ের জন্য চাপ দেওয়ায় নারী ও তার মেয়েকে হত্যা করেন ওই যুবক।  

গ্রেপ্তার উজ্জ্বল (৩৮) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের বকারটিলা খাসেরকোল গ্রামের মৃত শাহজাহান খানের ছেলে।

রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে এই তথ্য দিয়েছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম।

বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার কালিতলা এলাকার একটি পুকুরপাড় থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কর্ণসোনা গ্রামের আমজাদ শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) ও তার মেয়ে সামিয়ার (৩) লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের আগে তাদের লাশ টেনে বের করার চেষ্টা করে কয়েকটি কুকুর।

লাশ উদ্ধারের পর নিহত জাহানারার বাবা লালন মোল্লা ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল বাসার মোল্লা তথ্য-প্রযুক্তির সহায়তায় উজ্জ্বলকে শনিবার গ্রেপ্তার করে। হত্যার পর মাটিচাপা দিতে ব্যবহৃত কোদালটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, জাহানারা বেগম ও উজ্জ্বল রাজধানীর আমিন বাজারে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করত। সে সময় তাদের মধ্যে ‘প্রেমের সম্পর্ক’ গড়ে ওঠে। প্রায় তিন বছর ধরে ‘সম্পর্ক’ চলার এক পর্যায়ে জাহানারা উজ্জ্বলকে বিয়ের জন্য চাপ দেন।

সংবাদ সম্মেলনে পুলিশ দাবি করে, ৪ মে জাহানারাকে মোবাইল ফোনে ফরিদপুরের জামতলা বাজারে আসতে বলেন উজ্জ্বল। পরে তিনি তার শিশু কন্যা সামিয়াকে নিয়ে সেখানে গেলে তাকে কালিতলা এলাকায় সামচুল মোল্লার নির্জন পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম বলেন, “সেখানে বিয়ে নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। রাত সাড়ে ১১টার দিকে উজ্জ্বল উত্তেজিত হয়ে জাহানারার বুকে ঘুষি মারে। তখন অজ্ঞান হয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে জাহানারা। এ সময় শিশু সামিয়া কান্না শুরু করে। এক পর্যায়ে দুজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন উজ্জ্বল।”

তিনি বলেন, এরপর তার বাড়ি থেকে কোদাল এনে গর্ত খুঁড়ে লাশ মাটিচাপা দেওয়া হয় এবং স্থানটি কলাগাছ দিয়ে ঢেকে রাখা হয়।

আরও পড়ুন: 

পুকুরপাড়ে মা-শিশুর মাটিচাপা লাশ নিয়ে কুকুরের টানাটানি, দুর্গন্ধ পেয়ে উদ্ধার