‘অতিরিক্ত গতি’ নিয়ে গাছে বাইকের ধাক্কা, ২ জনের মৃত্যু
পুলিশ বলছে, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা খেয়ে দুই আরোহীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
উপজেলার চৌবাড়ি এলাকায় আঞ্চলিক সড়কে রোববার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কামারখন্দ থানার ওসি মোকলেসুর রহমান জানান।
নিহতরা হলেন-কামারখন্দ উপজেলার চৌবাড়ি উত্তরপাড়ার মফিজুল ইসলামের ছেলে সোহাগ রানা (১৭) ও পাশের বেলকুচি উপজেলার আদাচাকি গ্রামের হাসান আলীর ছেলে খালিদ হাসান (১৭)।
তবে আহত আরোহীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি মোকলেসুর বলেন, “তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে কামারখন্দ থেকে বেলকুচি উপজেলার দিকে যাচ্ছিলেন। অতিরিক্ত গতির মোটরসাইকেলটি পথে চৌবাড়ি ব্রিজের কাছে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”
আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠারেনা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
