রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী নগরীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারীর প্রাণ গেছে। এ ঘটনায় তার স্বামীসহ আহত হয়েছেন আরও দুজন।
বুধবার বেলা ১১টার দিকে মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মতিহার থানার ওসি গোলাম কবীর জানিয়েছেন।
নিহত বেদেনা বেগম রাজশাহীর দুর্গাপুর থানার তালিসাবাসপুর গ্রামের রেজ্জাকের স্ত্রী।
আহতরা হলেন- তার স্বামী রেজ্জাক এবং নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার জানিকের ছেলে নাসির।
ওসি গোলাম কবীর বলেন, “বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।
“স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন।”
আহতদের মধ্যে নাসিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
