২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই আসনে দুই ‘বিচ্ছিন্ন’ জনপদ মেঘনা-দাউদকান্দি, জোড়া লাগবে কবে

“আলিপুর এবং চর কাঁঠালিয়া এলাকায় দুইটি সেতু করলেই দুই উপজেলাকে স্থলভাবে যুক্ত করা যায়।”

বিডিনিউজ২৪

তানভীর দিপু , কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 09:36 AM

Updated : 26 Aug 2026, 05:33 PM

মেঘনা ও গোমতী নদী ঘেরা কুমিল্লা-১ আসন। দাউদকান্দি ও মেঘনা উপজেলা মিলে এই সংসদীয় আসন। কিন্তু দুটি উপজেলায় ‘স্বাভাবিক’ কোনো সড়ক যোগাযোগ নেই। দিনের বেলায় নদীপথেই এই দুই ‘বিচ্ছিন্ন’ উপজেলার মানুষের ভরসা।

নির্বাচন আসে, নির্বাচন যায়। দুই উপজেলাকে দুটি সেতুর মাধ্যমে জোড়া লাগোনোর প্রতিশ্রুতি সব প্রার্থীই দেন। কিন্তু নির্বাচনে চলে গেলে সেই প্রতিশ্রুতি যেন ভোটারদের কাছ থেকে ‘বিচ্ছিন্ন’ হয়ে যায়। দুই পার আর এক স্থলভাগে মেশে না।

ভোটারদের অভিযোগ, দুই উপজেলা নিয়ে একটি আসনের দাবি রাজনৈতিক নেতাদেরই ছিল। সেটা হয়েছেও। কিন্তু ভোটাররা আর ‘বিচ্ছিন্নতা’ কাটিয়ে উঠতে পারল না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবার ভোটাররা দাবি তুলেছেন- দুই উপজেলার ‘বিচ্ছিন্নতা’ কাটানোর। প্রার্থীরাও তাদের নির্বাচনি প্রতিশ্রুতি সেটি রেখেছেন।

মেঘনা উপজেলার আলিপুরের ব্যবসায়ী রমিজ উদ্দিন মাঝি বলছিলেন, “নির্বাচন যতবার আসে ততবারই ব্রিজ পাব বলে আশ্বাস পাই। শেষে মিথ্যা প্রমাণিত হয়। এবার কী হয় দেখি!”

দুটি উপজেলার যাতায়াত ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে এলাকার বাসিন্দারা বলেন, দাউদকান্দির তুলনায় মেঘনা উপজেলার আর্থ-সামাজিক কাঠামো কিছুটা দুর্বল। ভোটারও প্রায় অর্ধেকের কম। ফলে শিক্ষা-স্বাস্থ্যসহ নানা গুরুত্বপূর্ণ কাজে মেঘনা উপজেলার মানুষকে দাউদকান্দিতে যেতে হয়।  

দাউদকান্দি উপজেলায় ভোটার সংখ্যা তিন লাখ ২১ হাজার ১৬ জন এবং মেঘনা উপজেলায় ভোটার সংখ্যা এক লাখ ১২ হাজার ১১৯ জন। দুই উপজেলা গোমতী নদী দিয়ে বিচ্ছিন্ন।   

দিনের আলোতে নৌপথে নৌকা বা ট্রলারই সরাসরি যোগাযোগের একমাত্র ভরসা। সড়কপথে মেঘনা থেকে দাউদকান্দি যাওয়া-আসা করতে হলে মুন্সীগঞ্জ জেলার ভবেরচর হয়ে দাউদকান্দি সেতুর টোল প্লাজা অতিক্রম করে অন্তত ১৫ কিলোমিটার ঘুরে মেঘনায় যেতে হয়। অথবা কুমিল্লার তিতাস উপজেলা হয়ে গৌরীপুর বাজার ঘুরে অন্তত ২০ কিলোমিটার পথ ঘুরে দুই উপজেলার মানুষকে যাওয়া-আসা করতে হয়। 

অথচ দাউদকান্দি আর মেঘনা উপজেলার মধ্যে নদীপথে দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটারের মত। দাউদকান্দি থেকে গোমতী নদীর কেরোসিন ঘাট থেকে নৌকা বা ট্রলারে যেতে হয় মেঘনা উপজেলার আলিপুর ঘাটে। জনপ্রতি ৬০ টাকা করে দিতে হয় ট্রলার ভাড়া। পাড়ি দিতে হয় মেঘনার শাখা নদী এবং গোমতীর প্রায় এক ঘণ্টার পথ। নৌকা বা ট্রলারও ছাড়ে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর পর।

তবে কেরোসিন ও আলিপুর দুই উপজেলার দুটি প্রধান ঘাট। এ দুটি ঘাট দিয়েই লোকজন বেশি যাতায়াত করেন। তবে, এর বাইরেও আরও অনেক ঘাট আছে। মানুষ গন্তব্যের সুবিধা অনুযায়ী সেগুলো ব্যবহার করেন। যেমন- মেঘনার আলীপুর ঘাটের বিপরীতে রয়েছে দাউদকান্দির নতুন ভাটারা ঘাট। দুই ঘাটের মধ্যে দূরত্ব খুবই কম। কিন্তু নতুন ভাটারা থেকে দাউদকান্দি উপজেলা সদরে আসতে হলে অনেকটা পথ পাড়ি দিতে হয়।

মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের চর কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা রুহুল আমিন বলেন, “আলিপুর এবং চর কাঁঠালিয়া এলাকায় দুইটি সেতু করলেই দুই উপজেলাকে স্থলভাবে যুক্ত করা যায়। এই দাবি আমাদের দীর্ঘ দিনের। দুই উপজেলা মিলে একটি আসন হলো, কিন্তু সড়ক যোগাযোগ হলো না কোনোদিন।”

একই এলাকার সাদ্দাম হোসেন বলেন, “হাসপাতাল, স্কুল-কলেজ সবকিছুর জন্য আমাদেরকে দাউদকান্দি যেতে হয়। একটা মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সের বদলে নৌকা বা ট্রলারে নিতে হয় দাউদকান্দিতে। শিক্ষার্থীরা প্রতিদিন নৌকায় করে ট্রলার করে স্কুল-কলেজে যায়।

“প্রতিদিন কেরোসিন ঘাট থেকে আলিপুর পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ আসা-যাওয়া করে। অন্যান্য ঘাটেও মানুষের আসা-যাওয়া আছে অনেক। শুধু দুটি সেতু হলেই এই দুই উপজেলার মানুষের আসা যাওয়া ভোগান্তি কমে যাবে।”

মেঘনা উপজেলার ভোটারদের ক্ষোভ, যোগাযোগ ব্যবস্থার কারণে তারা পিছিয়ে পড়ছেন। বিভিন্ন সময় রাজনৈতিক নেতারা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।

দাউদকান্দির কেরোসিন ঘাটেই কথা হয় ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈমা আক্তারের সঙ্গে। তিনি বলছিলেন, “কলেজের জন্য আমাকে মেঘনা থেকে নৌকায় আসা-যাওয়া করতে হয়। ভোর বেলা বের হয়ে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যায়। একটা সেতু হলেই সব সমস্যার সমাধান হয়ে যায়।”

দাউদকান্দি-মেঘনা অঞ্চলের সংবাদকর্মী এবং নিরাপদ সড়ক চাই-নিসচার দাউদকান্দি উপজেলার সভাপতি লিটন সরকার বাদল বলেন, “যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলে কোনো জনপদ উন্নত হয় না। মেঘনা উপজেলার সঙ্গে দাউদকান্দি তথা পুরো জেলার যোগাযোগই খুবই জটিল। কুমিল্লার একটি উপজেলায় সহজে আসতে হলে অন্য একটি জেলা ঘুরে আসতে হয় কিংবা ঘুর পথে ৩০-৩৫ কিলোমিটার বেশি পাড়ি দিতে হয়। এই আধুনিক সময়ে এটা মেনে নেওয়া যায় না।”

তিনি বলেন, “জরুরি ভিত্তিতে মেঘনার আলিপুর থেকে দাউদকান্দির নতুন ভাটেরা সড়কে একটি সেতু স্থাপন করা হলে লাখো মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ঘুচে যাবে। আসন্ন সংসদ নির্বাচনে এই আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নতির বিষয়টি প্রার্থীদের ইশতেহারে প্রাধান্য পাবে বলে মনে করি।”

ইতিহাসের বাঁকে

মেঘনা দীর্ঘ সময় ধরে থানা ছিল। ১৯৯৮ সালে দাউদকান্দি উপজেলার পাঁচটি ইউনিয়ন ও হোমনার তিনটি ইউনিয়ন নিয়ে মেঘনা উপজেলা গঠিত হয়। যে কারণে মেঘনার পাঁচ ইউনিয়নের মানুষের যোগাযোগ ও সম্পর্ক এখনও পুরনো দিনের মত দাউদকান্দির সঙ্গেই রয়ে গেছে।

১৯৯১-২০০১ সাল- পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কুমিল্লা-১আসন ছিল হোমনা অঞ্চলকেন্দ্রিক এবং কুমিল্লা-২ ছিল দাউদকান্দি।

২০০৪ সালে আবার দাউদকান্দি উপজেলার গোমতী নদীর উত্তরাংশের নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় তিতাস উপজেলা।

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সংসদীয় আসনের সীমানা বিন্যাসে পরিবর্তন আনা হয়। এতে দাউদকান্দির সঙ্গে মেঘনা উপজেলা যুক্ত হয়ে গঠিত হয় কুমিল্লা-১ আসন। আর হোমনা-তিতাস উপজেলাকে নিয়ে গঠন করা হয় কুমিল্লা-২ আসন।

২০০৮ থেকে ২০১৮ সাল- নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কুমিল্লা-১ আসনে দাউদকান্দির সঙ্গে মেঘনা উপজেলা অন্তর্ভুক্ত ছিল।

২০২৩ সালে নির্বাচন কমিশন সীমানা পুনঃনির্ধারন করে৷ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে দাউদকান্দি থেকে মেঘনাকে সরিয়ে তিতাস উপজেলাকে অন্তর্ভুক্ত করে দাউদকান্দি-তিতাস কুমিল্লা-১ আসন গঠন করা হয়।

২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ আসনে দাউদকান্দির সঙ্গে মেঘনা উপজেলা নাকি তিতাস উপজেলা থাকবে এই নিয়ে আইনি লড়াই চলছে। তবে নির্বাচন কমিশন এখনও দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়েই কুমিল্লা-১ আসন বহাল রেখেছে।

নির্বাচনি প্রতিশ্রুতি

কুমিল্লা-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক খন্দকার মোশারফ হোসেন। এই আসন থেকে তিনি এবারও প্রার্থী। তিনি তার নির্বাচনি প্রতিশ্রুতিতে দাউদকান্দি এবং মেঘনাকে সংযুক্ত করার জন্য সেতু নির্মাণের কথা বলেছেন।

নির্বাচনি প্রতিশ্রুতি প্রসঙ্গে খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন বলেন, “খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনি প্রতিশ্রুতিতে প্রথমিই স্থান পাবে মেঘনা ও দাউদকান্দির সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপনে সেতু নির্মাণ। দীর্ঘদিন অন্য রাজনৈতিক দলের শাসনামলে থাকায় মেঘনা উপজেলার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে উন্নয়ন বঞ্চিত করা হয়েছে।”

কুমিল্লা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মনিরুজ্জামান বাহালুল বলেন, “আমরা সংসদে গেলে চেষ্টা করব মেঘনা এবং দাউদকান্দি উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে। প্রয়োজনীয় সংযোগ সেতুগুলোর দ্রুত নির্মাণেরও প্রতিশ্রুতি দিয়েছি আমরা।”

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আরও আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বশির আহমেদ, খেলাফত মজলিসের সৈয়দ আব্দুল কাদের (জামাল), বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. আবুল কালাম, এবি পার্টির মো. শফিউল বাসার।