Published : 07 Jun 2026, 01:35 PM
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে ওই ছয়জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বলে বিজিবি দাবি করেছে। এ ঘটনার পর মেহেরপুর সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমানের ভাষ্য, “ভারতের নদীয়া জেলার মুরুটিয়া থানার বেড় রামচন্দ্রপুর এলাকা দিয়ে ওই ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।
“তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে রোববার রাত ৩টার দিকে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।”
এ ঘটনার পর যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে মেহেরপুরের প্রায় ৮৬ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবি ও স্থানীয়রা রাত জেগে পাহারা দিচ্ছেন বলে জানা গেছে।