হবিগঞ্জের বৃন্দাবন কলেজের ছাত্রকে কুপিয়ে হত্যা
পারিবারিক বিরোধের জেরে সাদেককে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে একদল লোক; যিনি বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার বলাকীপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রভাংস কুমার সিংহ জানান।
নিহত সাদেক চৌধুরী (১৯) উপজেলার বলাকীপুর গ্রামের লেবু মিয়ার ছেলে। তিনি বৃন্দাবন সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সাদেক বাড়িতে যাওয়ার পথে একই গ্রামের একদল যুবক তাকে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার প্রভাংস কুমার সিংহ বলেন, “নারী সংক্রান্ত বিষয় নিয়ে একই এলাকার এক যুবকের সঙ্গে সাদেকের বিরোধ রয়েছে। ওই যুবকের সঙ্গে সাদেকের আত্মীয়তাও রয়েছে।”
পারিবারিক বিরোধের জেরে সাদেককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
