গাজীপুরে ‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা কিশোরী, একজন গ্রেপ্তার
“পিটুনিতে আহত আবদুর রহিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে পাঠানো হয়।”
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানিয়েছেন।
আসামি ৬০ বছর বয়সী আবদুর রহিম কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার ওহাব আলীর ছেলে; তিনি পেশায় রিকশাচালক।
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে আবদুর রহিমের নাম বলে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন আবদুর রহিমকে আটক করে পিটুনি দেন। পরে তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৪ নভেম্বর রাতে কিশোরীর মা কারখানায় রাতের ডিউটিতে গেলে রহিম তাদের বাসায় প্রবেশ করেন এবং ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন।
ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি দিয়ে এরপর থেকে বারবার একইভাবে মেয়েটিকে ধর্ষণ করে আসছিলেন তিনি।
ওসি জাকির বলেন, “পিটুনিতে আহত আবদুর রহিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে পাঠানো হয়। আর কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি বলেন, “ধর্ষণের ফলে কিশোরীটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
