Published : 29 Jun 2025, 09:17 PM
কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রোববার বিকাল ৫টায় সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি হয়।
এ সময় বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক ও বাসদ জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতির বক্তব্যে বলেন, “মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক হিন্দু নারীকে যেভাবে গণধর্ষণ, নির্যাতন এবং ভিডিও ধারণ করে প্রচার করা হয়েছে তা কোনো সভ্য সমাজে চলতে পারে না। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।”
বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য সুমিত কান্ত পিনাকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ, বাসদ জেলা সদস্যসচিব প্রণব জ্যোতি পাল, বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চা শ্রমিক ঐক্যের সভাপতি অজিত রায়, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা কমিটির সাধারণ সম্পাদক বুশরা শুহাইল।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীরা বীরত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। কিন্তু অভ্যুত্থান পরবর্তীতে নারীদের বিরুদ্ধে মব তৈরি করে, অনলাইনসহ নানাভাবে নিপীড়ন, হেনস্থা করা হচ্ছে। অব্যহত নারী নির্যাতন-নিপীড়নের প্রতিরোধে রাষ্ট্রীয় কোনো দৃষ্টান্তমূলক উদ্যোগ পরিলক্ষিত হয়নি।
তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের নারীবান্ধব ঘোষণা করেছেন, কিন্তু নারীর প্রতি অবমাননাকর সব ঘটনায় সরকারের সদিচ্ছা প্রশ্নবিদ্ধ হয়। ঘরে-বাইরে নারীসহ জনগণের জানমালের নিরাপত্তা দিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নারী নির্যাতন প্রতিরোধে এবং মব সন্ত্রাস বন্ধে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।
রোববার কুমিল্লা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে মুরাদনগরে একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে এক ব্যক্তি আটক ও পিটুনির শিকার হয়। পরে ফজর সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে কিছু ব্যক্তি ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ‘আইনানুগ ব্যবস্থা’ গ্রহণ করে।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ফজর আলীকে আসামি করে শুক্রবার মামলা করেছেন এক হিন্দু নারী। বাদীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে।
শনিবার ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনিক, সুমন, রমজান ও বাবু নামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
মুরাদনগরে নারী ধর্ষণ: ভিডিও ধারণকারী চার যুবক কারাগারে
মুরাদনগরের লজ্জা: ধর্ষক ধর্ষকই, নেই অন্য পরিচয়
মুরাদনগরে নারীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
মুরাদনগরে নারীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ