Published : 17 Jun 2026, 09:37 PM
গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণে বাধা ও ‘অবমাননার’ প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বুদ্ধিজীবী চত্বরের সামনে একটি সমাবেশে মিলিত হয়।
এ সময় ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘পিস, রেসপেক্ট, হারমনি’, ‘সংখ্যালঘু সুরক্ষা আইন পাস করো’, ‘ধর্মীয় বিদ্বেষ নয়, পারস্পরিক শ্রদ্ধা চাই’, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিচার চাই’, ‘রামচন্দ্রের অবমাননার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
সমাবেশে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী বকুল চন্দ্র বিশ্বাস বলেন, “আমরা বারবার রাষ্ট্রের কাছে বৈষম্যের শিকার হয়েছি। একই দেশ, একই করব্যবস্থা ও একই শিক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও দুটি গোষ্ঠীর জন্য ভিন্ন বাস্তবতা দেখা যায়। আমরা বিচার চাই, কোনো বিশেষ সুবিধা নয়।”
মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক অমিত কুমার দত্ত বলেন, “গত ৮০ বছরে আমাদের মোট জনসংখ্যার ৭০ শতাংশ কমে গেছে এবং আমাদের যত সম্পদ ছিল তার ৯০ শতাংশ আমাদের হাত থেকে চলে গেছে। এ থেকেই বোঝা যায় এদেশের সনাতনীরা কোন পর্যায়ে আছে।
“এদেশের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি আমরা; তবু আমরা আলাদা করে কোনো স্বীকৃতি চাইনি। আমরা চাই সবার সঙ্গে মিলেমিশে থাকতে, আমরা চাই সবার সমান অধিকার নিশ্চিত হোক।”