চুয়াডাঙ্গায় বাইক থেকে পড়ে ট্রাক চাপায় প্রাণ গেল কলেজছাত্রের
ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও তার চালক এবং হেলপার পালিয়ে গেছে।
চুয়াডাঙ্গায় দামড়হুদা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দামুড়হুদা থানার ওসি হুমায়ুন কবির।
নিহত রাকিব হোসেন (১৯) দামুড়হুদা সদর ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামের মিলন হোসেনের ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সাকিব হোসেন (১৯)।
ওসি হুমায়ুন জানান, রাকিব ও সাকিব দুজনই দামুড়হুদার ওদুদ শাহ কলেজের দ্বাদশ শেণির শিক্ষার্থী। তারা একটি মোটরসাইকেলে চড়ে পরীক্ষা দেওয়ার জন্য কলেজের দিকে যাচ্ছিল।
মোটরসাইকেলটি চালাচ্ছিল সাকিব। পথে দামুড়হুদা বাসস্ট্যান্ডের কাছে তারা একটি ভ্যানগাড়ি অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। এসময় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় রাকিব।
আহত হয় সাকিব। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও তার চালক এবং হেলপার পালিয়ে গেছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া নিহতের পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রাকিবের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
