গাজীপুরে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যায় আরও তিনজন গ্রেপ্তার
শনিবার ভোরের দিকে কারখানার ভেতর তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে পরিবার মামলায় অভিযোগ করেছে।
গাজীপুরের কোনাবাড়ীতে কারখানায় চুরির অপবাদ দিয়ে শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির আরও তিন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার তিন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার হয়েছে বলে কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন জানান।
গ্রেপ্তার তিনজন হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার হারিয়াক্রাউন গ্রামের আবদুস সামাদের ছেলে ও গ্রিনল্যান্ড লিমিটেড কারখানার ফিডারম্যান মো. কাউসার (২৮), টাঙ্গাইলের মধুপুর উপজেলার হলুদিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে ও নিরাপত্তাকর্মী শামিম আহমেদ (৩৪) এবং সিরাগঞ্জের শাহজাদপুর থানার চরদুগালী গ্রামের সারোয়ার হোসেনের ছেলে ও ম্যাকানিক্যাল ইনচার্জ রাশেদুল হাসান (৩৩)।
এর আগে ওই প্রতিষ্ঠানের আরও তিন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- শফিকুল ইসলাম (৩০), বেলাল হোসেন (৪৫) ও হাসান মাহমুদ (৪০)।
শনিবার ভোরের দিকে কোনাবাড়ীর গ্রিনল্যান্ড লিমিটেড কারখানার ভেতর চুরির অপবাদ দিয়ে ডাইং সেকশনের মেকানিক্যাল মিস্ত্রি হৃদয়কে (১৯) পিটিয়ে হত্যা করা হয় বলে মামলায় বলা হয়েছে।
হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শুকতার বাইদ গ্রামের আবুল কালামের ছেলে। কোনাবাড়ীর হারিণাবাড়ী (এসরারনগর হাউজিং) এলাকায় মিরাজের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়ায় বসবাস করতেন।
