Published : 04 Jun 2026, 11:34 AM
আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী- দুই দলের বিরুদ্ধেই গণহত্যার অভিযোগ আছে উল্লেখ করে তাদের বিরুদ্ধেই সতর্ক থাকার কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তিনি বলেন, “বিএনপির বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে এবং জামায়াত ইসলামীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে। এই দুইটা একই জিনিস, এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে।”
বুধবার বিকালে নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “একটি দল মুক্তিযুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, আরেকটি দল ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে নিজেদের অর্জন হিসেবে প্রতিষ্ঠা করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।”
আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় ‘মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান’ দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে কথা বললে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে, একাত্তরকে অসম্মান-অস্বীকার করলে তাদেরকে আমরা কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।”
জাতীয় জনজীবনে প্রত্যেকটি কাজে একাত্তরের মূল লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করারও অঙ্গীকার করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, “২৪ এর গণঅভ্যুত্থানেও বহু মুক্তিযোদ্ধার সন্তান রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছে। গুলির মুখে দাঁড়িয়ে তারা আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছে এটা আমাদের মনে রাখতে হবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “আমরা চাই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম লড়াইয়ের পর আর যেন জাতিকে বিভক্ত করা না হয়। বিগত সতের বছর জাতিকে বিভক্ত করে ফেলা হয়েছিল। এই বিভক্তি দূর করে দেশকে ঐক্যবদ্ধ করে সুখি, সমৃদ্ধশালী, এবং উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন, চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনীষ দাশ এবং চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ।
এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সাবেক আহ্বায়ক দেওয়ান সামছুল আরেফিন শামিম, সদস্য সচিব আহসানুল হক মাসুদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।