প্রার্থীর অতীত নিয়ে প্রশ্ন তোলায় চটলেন সমর্থকরা, হাতাহাতি
লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থীদের নিয়ে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি বেসরকারি টেলিভিশনের নির্বাচনি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি টেলিভিশনে নির্বাচনি সংলাপ অনুষ্ঠানের ভিডিও ধারণের সময় ইসলামী আন্দোলনের প্রার্থীকে পূর্বের রাজনীতি নিয়ে প্রশ্ন করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রশ্নকারীকে প্রার্থীর এক সমর্থক জুতা প্রদর্শন করেছেন বলে অভিযোগ উঠেছে।
এরপরই ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে চেয়ার ছোঁড়াছুড়িরও ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর-১ আসন নিয়ে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে স্টার নিউজ টেলিভিশনের নির্বাচনি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানান রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার নিউজের প্রতিবেদক ফারাবি হাফিজের উপস্থাপনায় লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বিলুপ্ত বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও দলীয় প্রার্থী নাজমুল হাসান পাটওয়ারী এবং ইসলামী আন্দোলনের জেলা কমিটির সহসভাপতি ও দলীয় প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীকে নিয়ে নির্বাচনি সংলাপের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানান, অনুষ্ঠান চলাকালে রাজধানীর তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির পাটওয়ারীকে বিগত দিনে জাতীয় পার্টির রাজনীতি সঙ্গে জড়িত থাকা নিয়ে প্রশ্ন করেন।
উত্তরে জাকির বলেন, যদি জাতীয় পার্টির সদস্য ফরমে তার নামে থাকে তাহলে, তিনি আর রাজনীতি করবেন না। এর মধ্যে ইসলামী আন্দোলনের (চরমোনাই) এক সমর্থক ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীর উদ্দেশে জুতা প্রদর্শন করেন। এ নিয়ে উত্তেজনা শুরু হলে বিএনপির লোকজনও ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
স্টার নিউজের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আন নাজমুস সাকিব বলেন, “তেজগাঁও কলেজের এক ছাত্র ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেনকে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত থাকা নিয়ে প্রশ্ন করা ঘিরে উত্তেজনা ছড়ায়। তাৎক্ষণিক ঘটনাটি সমাধান করা হয়। তবে বাহিরে কিছু হয়েছে কি-না তা জানা নেই।”
লক্ষ্মীপুর-১ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি দুঃখজনক। প্রশ্নটি পরিকল্পিত ছিল। যে ঘটনা ঘটেছে, তা কাম্য নয়।
“এখানে আমাদের দলের কেউ যদি দায়ী থাকে, আমরা সে ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেব। পরবর্তীতে চেয়ার ছোড়াছুড়ি ও আমাদের কর্মীদের গায়ে হাত তোলা হবে কেন? পেশিশক্তি দেখানোর বহিঃপ্রকাশ নিয়ে আমরা শঙ্কিত।”
রামগঞ্জ পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “একটি ছেলে ইসলামী আন্দোলনের প্রার্থীকে প্রশ্ন করায় চরমোনাইয়ের এক সমর্থক ক্ষিপ্ত হয়ে জুতা প্রদর্শন করেন। পরে আমরা তাকে শান্ত করার জন্য যাই।
“এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কেউই কারো ওপর হামলা করেনি। আহত বা অন্য কোনো ঘটনা ঘটেনি। যে ছেলে প্রশ্ন করেছে, তাকেও আমরা কেউ চিনি না।”
ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। প্রার্থীকে প্রশ্ন করা ঘিরে উত্তেজনা দেখা দেয়; যা পরে সমাধান হয়েছে।
