২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢিমেতালে ভোট শুরু জাহাঙ্গীরনগরে, প্রথম ঘণ্টায় উপস্থিতি কম

বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আশা করছেন নির্বাচনি কর্মকর্তারা।

ঢিমেতালে ভোট শুরু জাহাঙ্গীরনগরে, প্রথম ঘণ্টায় উপস্থিতি কম
জাকসু নির্বাচনে শহীদ রফিক-জব্বার হলকেন্দ্র

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 10:09 AM

Updated : 26 Aug 2026, 02:16 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর। দিনের শুরুতে কেন্দ্রের বাইরে ভোটার উপস্থিতিও তেমন দেখা যায়নি। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ভবনের ২১টি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট শুরুর কথা ছিল। কিন্তু ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম এনে ভোটগ্রহণ শুরু করতে করতে ১৫ থেকে ২০ মিনিট সময় পেরিয়ে যায়। 

নিয়ম অনুযায়ী সাংবাদিকদের সামনে খালি ব্যালট বাক্স দেখিয়ে তারপর সিলগালা করে ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়। .

তবে সকালে কেন্দ্রের বাইরে ভোটারদের উপস্থিতি তেমন না থাকায় ভোটগ্রহণ কর্মকর্তাদেরও খুব বেশি তাড়া ছিল না।

বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আশা করছেন নির্বাচনি কর্মকর্তারা।  

বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় ৯টা ২৫ মিনিটে। তখন ২০ জনের মত ভোটারকে লাইনে অপেক্ষায় থাকতে দেখা যায়। 

এই হলের রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুর রহমান ভূঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যালট পেপারে স্বাক্ষর নিতে কিছুটা সময় লাগছে। 

বেলা ৯টা ৪০ মিনিট পর্যন্ত এ কেন্দ্রে ১৩ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রের মোট ভোটার ৬৫০ জন। 

মাহাবুবুর রহমান ভূঞা বলেন, “এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করছি শেষ সময় পর্যন্ত ভোটাররা আসবেন।”

শহীদ সালাম-বরকত হলে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টা ১৫ মিনিটে। এই কেন্দ্রে ভোটার ২৯৯ জন। 

কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এস এম মওদুদ আহমেদ বলেন, “ভোটগ্রহণ শুরুর পর  ৯টা ৪০ পর্যন্ত পাঁচজন ভোট দিয়েছেন। আমরা আশা করছি ধীরে ধীরে ভোটার বাড়বে।” 

সে সময় এই কেন্দ্রে আরও তিন শিক্ষার্থীকে ভোটের লাইনে অপেক্ষায় থাকতে দেখা যায়। 

আলরেরুনি হলকে্েন্দ্রের রির্টানিং কর্মকর্তা মিরাজ রহমান খান বলেন, তাদের হলে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এক ঘণ্টায় ভোট দিয়েছেন দশ জন শিক্ষার্থী। এই কেন্দ্রে মোট ভোটার ২১০ জন। 

এ কেন্দ্রে সকাল ১০টার দিকে পাঁচ শিক্ষার্থীকে ভোটের লাইনে অপেক্ষায় থাকতে দেখা যায়। 

ভোটার কম কেন জানতে চাইলে রির্টানিং কর্মকর্তা মিরাজ বলেন, “সকালে ছেলেরা ঘুমিয়ে আছে। বেলা বাড়লে ভোটার বাড়বে বলে আশা করছি।”

১০ নম্বর হল কেন্দ্রের রির্টানিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আল মামুন বলেন, তার কেন্দ্রে সকাল ৯টার কিছু সময় পর ভোটগ্রহণ শুরু হয়। বেলা সাড়ে ১০টা পর্যন্ত দশটি ভোট পড়েছে। শান্তিপূর্ণভাবে ভোট চলছে।

সকালে তেমন ভোটার উপস্থিতি ছিল না; তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা আসতে শুরু করেছে বলে জানান তিনি।

জাকসু নির্বাচনে প্রায় ১২ হাজার শিক্ষার্থী বিকাল ৫টা পর্যন্ত তাদের রায় জানানোর সুযোগ পাবেন।

জুলাই অভ্যুত্থানের পর এবং জাতীয় নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদের নির্বাচন এমনিতেই বাড়তি মনোযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে শান্তিপূর্ণ ডাকসু নির্বাচনের এক দিন বাদে ঢাকার অদূরে সাভারের জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের জাকসু ভোটের দিকেই এখন সবার নজর।

নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু ও নিরপক্ষেভাবে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতিই তারা নিয়েছে। সব মিলিয়ে জাহাঙ্গীরনগরে উৎসবমুখর পরিবেশেই ভোট হবে বলে কর্তৃপক্ষ আশা করছে।

তবে শিক্ষার্থীরা বলছেন, মঙ্গলবার প্রশাসনিকভাবে পরীক্ষা বন্ধ ছিল, সেদিন ক্লাস খোলা থাকলেও অধিকাংশ বিভাগেই ক্লাস হয়নি। বুধবার ক্লাস ও পরীক্ষা দুটোই বন্ধ। বৃহস্পতিবার ভোট; শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে পাঁচ দিনের ছুটিতে পূর্ণ আবাসিক এই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী হল ছেড়ে গেছেন।

অপরদিকে ছাত্রীদের ১০টি হলে মোট পদের সংখ্যা ১৫০টি। এর মধ্যে মাত্র ৩৮টি পদে সরাসরি ভোট হচ্ছে। বাকি পদগুলোতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বা ফাঁকা রয়েছে। ফলে অনেকেই নিরুৎসাহ বোধ করতে পারেন। এসব বিষয় ভোটার উপস্থিতিতে প্রভাব রাখতে পারে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

একদিন আগে ডাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি। জাহাঙ্গীরনগরে ততটা হবে বলে মনে করছেন না শিক্ষার্থীরা। 

জাকসুর ভোটার জামিন হায়দার মনে করেন, ৬০ শতাংশের মত ভোট পড়তে পারে।

তার যুক্তি, “প্রথমে ভাবছিলাম, ৫৫ শতাংশ ভোট পড়বে। তবে ডাকসু নির্বাচনের আমেজের কারণে ভোটের পরিমাণ কিছুটা বাড়তে পারে।”