১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে নদীগর্ভে বিলীন ৪ বসতবাড়ি

“হঠাৎ করে গাছপালা ও ঘরবাড়ি দেবে যাচ্ছিল। সরানোর কোনো সুযোগ আমরা পাইনি।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 06:47 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভাঙনের কবলে পড়ে সন্ধ্যা নদীতে বিলীন হয়েছে চার পরিবারের ঘর। 

শনিবার ভোরে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের দক্ষিণ চরহোগল পাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ জানান। 

তিনি বলেন, গ্রামের মজিদ বেপারি, আজিদ বেপারি, সালেক বেপারি ও বারেক বেপারির ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাদের প্রত্যেককে দুই বান করে টিন ও খাবার দেওয়া হয়েছে। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হবে। 

গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম বলেন, “হঠাৎ করে ঝুপঝাপ শব্দ শুনতে পাই। দেখে মনে হল, এখানে ২০০ হাত পানি হয়ে গেছে। তারপর অনেক জায়গা নিয়ে ধসে যাচ্ছে। ভুক্তভোগী পরিবার কোনো মালমাল সরানোর সুযোগ পায়নি। এ সময় পাড়ের গাছপালাও নদীগর্ভে তলিয়ে গেছে।” 

আজিজ বেপারি জানান, “হঠাৎ করে গাছপালা ও ঘরবাড়ি দেবে যাচ্ছিল। সরানোর কোনো সুযোগ আমরা পাইনি।”

মজিদ বেপারি জানান, “স্ত্রী ও সন্তানদের নিয়ে কোনোরকমে দিন কাটছিল। কিন্তু সন্ধ্যা নদী সবকিছু শেষ দিল। ভিটামাটি কেড়ে নিয়ে আমাদের পথে বসিয়ে দিল। এখন সন্তানদের নিয়ে আমরা কোথায় যাব।”

গত দুই দিনে পানি বাড়ার কারণে ভাঙনের আশঙ্কায় রয়েছে ওই এলাকার সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ চরহোগল পাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় একটি জামে মসজিদ, ভাঙ্গারমুখ লঞ্চঘাটসহ অন্তত ২৫টি স্থাপনা।