২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে নির্মাণ শ্রমিক ২ ভাইকে হত্যা: ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ওই ইউপি চেয়ারম্যানকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা জানতে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2024, 10:34 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

ফরিদপুরের মধুখালী উপজেলায় নির্মাণ শ্রমিক দুই ভাইকে পিটিয়ে হত্যার জেরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

বরখাস্ত শাহ আসাদুজ্জামান উপজেলাধীন ডুমাইন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। 

১৮ এপ্রিল সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের একটি কালীমন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধরা পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত নির্মাণ শ্রমিকদের ওপর হামলা চালায়। বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজ চলায় শ্রমিকরা সেখানে ছিলেন। জনতার পিটুনিতে নির্মাণ শ্রমিক আশরাফুল (২১) ও তার ভাই আশাদুল (১৫) প্রাণ হারান।

এর জেরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হল।

তাকে বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে গত ১৮ এপ্রিল দুজন নির্মাণ শ্রমিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনার পর ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান দ্বারা ইউনিয়ন পরিষদের  ক্ষমতা প্রয়োগ সমীচীন নয় বলে সরকার মনে করে। 

ফলে তার বিরুদ্ধে জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। 

একইসঙ্গে ওই ইউপি চেয়ারম্যানকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা জানতে ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন জ্যেষ্ঠ সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান।

আরও পড়ুন:

দুই ভাইকে পিটিয়ে হত্যা: বিক্ষুব্ধ জনতার মহাসড়ক অবরোধ 

ফরিদপুরে মন্দিরে আগুন, বিক্ষুব্ধদের হামলায় নিহত ২