২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতে পালাতে গিয়ে’ কুমিল্লার ‘বাহার-ঘনিষ্ঠ’ আওয়ামী লীগ নেতা আটক

ওই আওয়ামী লীগ নেতার সঙ্গে থাকা অন্য এক ব্যক্তিও আটক হন বলে বিজিবি জানায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2024, 06:48 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

ভারতে পালানোর সময় কুমিল্লার সীমান্ত এলাকা থেকে সদরের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতাসহ দুইজন আটক হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬০ বিজিবি, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার এসব জানান। 

আটকরা হলেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান ওরফে টাইগার টিপু (৫২) ও ব্রাহ্মণপাড়া উপজেলার মানরা গ্রামের প্রয়াত মশিউর রহমানের ছেলে মারজানুর রহমান (৪৮)।

টিপু কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার নসিব উল্লাহর ছেলে। 

লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বার বলেন, বৃহস্পতিবার রাতে ভারতে পালানোর সময় সুলতানপুর ব্যাটালিয়নের অধীন বড়জ্বালা বিওপির  টহলদল নিশ্চিন্তপুর এলাকা থেকে টাইগার টিপু ও মারজানুর রহমানকে আটক করে। সঙ্গে থাকা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাইগার টিপু কুমিল্লা সদরের সাবেক এমপি বাহাউদ্দীন বাহারের অত্যন্ত ঘনিষ্ঠ ও মদদপুষ্ট একজন টেন্ডারবাজ ও ঠিকাদার। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে তিনি সরাসরি অংশ নিয়ে গোলাগুলিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। 

লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বার বলেন, কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় টাইগার টিপুর বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় দুটি মামলা রয়েছে। 

তিনিসহ আটক দুইজনকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।