কুমিল্লায় ৫২ পাসপোর্টসহ ‘মানব পাচারকারী’ গ্রেপ্তার
গ্রেপ্তারের বিরুদ্ধে থানায় অপহরণ ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে ৫২টি পাসপোর্টসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যাকে মানব পাচারকারী বলছে পুলিশ।
মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানান কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম।
গ্রেপ্তার মো. সাজেদুল ইসলাম (৩৫) উপজেলার হালিমা নগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সাজেদুলের বিরুদ্ধে মানব পাচার, পাসপোর্ট জালিয়াতি, চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্র রাখাসহ নানা অপরাধে সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।
ওসি মাহিনুল ইসলাম বলে, গোপন খবর পেয়ে মধ্যরাতে সেনাবাহিনীর একটি দল বিশেষ অভিযান চালিয়ে সাজেদুলকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, তিনটি স্মার্ট মোবাইল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করেছে সেনাবাহিনী।
পরে সেনাবাহিনী জব্দ করা সামগ্রীসহ সাজেদুলকে থানায় হস্তান্তর করেছে বলে জানান তিনি।
সাজেদুলের বিরুদ্ধে থানায় আগের অপহরণ ও ছিনতাইয়ের মামলা রয়েছে; তাকে বিকালে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
