২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী ২ স্কুল ছাত্র নিহত

রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুকসুদপুর থানার ওসি জানান।

গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী ২ স্কুল ছাত্র নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত অনুজ মজুমদার (বায়ে) এবং রাফসান রাফি।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 09:40 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। 

ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার রিশাতলা এলাকায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান। 

নিহতরা হলেন- মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদ শেখের ছেলে ও সরকারি এস জে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাফসান রাফি এবং টেংরাখোলা গ্রামের শিশির মজুমদারের ছেলে ও একই ক্লাসের শিক্ষার্থী অনুজ কর্মকার।

দুর্ঘটনার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়েছে। 

তাতে দেখা যায়, ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেলটি সড়কের উপর আছড়ে পড়েছে। মোটরসাইকেল আরোহী দুজন ছিটকে পড়ে আহত হয়। অপরদিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। 

স্থানীয়রা আহত দুজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর নেওয়ার পর রাফসান রাফিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর ঢাকায় নেওয়ার পথে অনুজ মারা যায়। 

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঢাকা নেওয়ার পথে তাদের দুজনের মৃত্যু হয়েছে বলে আমরা শুনেছি। আমরা দুজনের নাম-ঠিকানা সংগ্রহ করেছি। 

“ঘটনাটি হাইওয়েতে ঘটেছে। তাই বিষয়টি ভাঙ্গা হাইওয়ে থানাকে অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।”