তিস্তা বাঁচাতে ‘স্তব্ধ হবে রংপুর’
গত কয়েক মাস ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য উত্তরাঞ্চলের মানুষ একের পর এক কর্মসূচি পালন করে আসছেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কর্মসূচির ধারাবাহিকতায় রংপুর বিভাগে একটি ভিন্ন প্রতীকের দিন হচ্ছে যাচ্ছে ৩০ অক্টোবর।
এই দিন বেলা ১১টা থেকে পরবর্তী ১৫ মিনিট থমকে দাঁড়াবে পুরো রংপুর বিভাগ!
উত্তরাঞ্চলের জেলাগুলোতে দোকানপাট বন্ধ, রাস্তায় গাড়ি দাঁড়িয়ে যাবে, শ্রেণিকক্ষে থেমে যাবে পাঠদান, অফিস-আদালতের কাজ ১৫ মিনিটের জন্য থমকে যাবে তিস্তার জন্য।
তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর ভাষায়, ১৫ মিনিটের এই নীরবতা আসলে নীরবতা নয়, এটি কোটি মানুষের গর্জন; যার বার্তা স্পষ্ট- ‘তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে, তিস্তা বাঁচলেই বাংলাদেশ বাঁচবে।’
তিস্তাপাড়ের মানুষের জীবন-জীবিকা এই নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মন্তব্য করে দুলু বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হবে। আমরা চাই, সরকার নির্বাচনের আগে এই কাজ শুরু করুক। না হলে তিস্তাপাড়ের মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”
গত কয়েক মাস ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য উত্তরাঞ্চলের মানুষ একের পর এক কর্মসূচি পালন করে আসছেন।
গেল ফেব্রুয়ারিতে তিস্তাতীরে ১১টি পয়েন্টে অবস্থান কর্মসূচি, অক্টোবরের শুরুতে গণমিছিল ও স্মারকলিপি প্রদান, সবশেষ ১৬ অক্টোবর তিস্তার দুই তীরে ১০৫ কিলোমিটারজুড়ে মশাল প্রজ্বালন। এরই ধারাবাহিকতায় ৩০ অক্টোবর ডাকা হয়েছে ১৫ মিনিটের নীরবতা কর্মসূচি।
একের পর এক কর্মসূচি দেখিয়ে দিয়েছে, তিস্তা কেবল একটি নদী নয়, এটি উত্তরাঞ্চলের হৃদস্পন্দন।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার কৃষক আজিজুল ইসলাম বলেন, “তিস্তা শুকিয়ে গেলে আমাদের জমি মরুভূমি হয়ে যায়। তিস্তা বাঁচানো মানে আমাদের সন্তানদের ভবিষ্যৎ বাঁচানো।”
