Published : 19 Oct 2025, 06:19 PM
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ মাছঘাটে আগুনে ১৯টি মাছের আড়ত পুড়ে গেছে।
রোববার ভোর ৪টার দিকে লাগা এ আগুন তজুমদ্দিন ও লালমোহন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মুখলেসুর রহমান জানিয়েছেন।
স্থানীয়রা বলেন, রাতের আঁধারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের প্রাণহানি না হলেও ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
তারা বলছে, আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত আড়তদাররা হলেন- কামাল উদ্দিন, জুলফিকার, সিরাজ মেম্বার, মাহিউদ্দিন, জামাল, কুটি, শাজাহান, হাজী হাফেজ, ফারুক, কবির সর্দার, জাকির, জাহাঙ্গীর চেয়ারম্যান, কিরণ চেয়ারম্যান, ইসতিয়াক হাসান, বেচু তালুকদার, মন্নান, হেলাল মেম্বার, আনোয়ার ও জাকির।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মুখলেসুর রহমান বলেন, “ভোর রাত ৫টা ৮ মিনিটে আমরা মাছঘাটে আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিকভাবে আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
“প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন নির্ণয় করা সম্ভব হয়নি।”
এদিকে আগুন লাগার খবর পেয়ে তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু ও সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দেখতে যান।